বুধবার ১ এপ্রিল, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ

সংসদে নিখোঁজ স্বামীর সন্ধান চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী

৩০ মার্চ, ২০২৬ ১১:৫৪:২৯
ছবি: সংগৃহীত

গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান জানতে চেয়েছেন তার স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। একইসঙ্গে তিনি গুমের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার দাবি করেছেন। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লুনা বলেন, “ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ যারা গুম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা জানতে চায়—তাদের স্বজনরা কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি প্রায় দেড় বছর, কিন্তু এখনো জানি না আমাদের স্বজনদের অবস্থান কী।”

তিনি আরও বলেন, “আমরা বিভিন্নভাবে তাদের বিষয়ে কথা বলেছি, কিন্তু এখনো তাদের অবস্থান বা পরিণতি সম্পর্কে কিছু জানতে পারিনি। আমি সংসদের মাধ্যমে ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের অবস্থান ও পরিণতি জানতে চাই।”

এ সময় তিনি গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী পরিবারের আর্থিক সমস্যার সমাধান এবং পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি গত ১৭ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান।

রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে লুনা বলেন, এতে গত ১৭ বছরের শাসনামলে গুম-খুনের বিষয়গুলো যথাযথভাবে উঠে এসেছে এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকা থেকে ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD