মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ

ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা

২৯ মার্চ, ২০২৬ ১১:৫০:৩৮
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে। তবে, তিনি এখনও জনসমক্ষে আসেননি। রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, বার্তায় মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেয়ার জন্য ইরাকের ধর্মীয় নেতৃবৃন্দ ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরাকের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির স্পিকার এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এক ইরাকি কর্মকর্তার কাছে এই বার্তা পৌঁছে দেয়া হয়।

চলতি মার্চের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনির নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। তবে দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে বা রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়নি। এর আগে ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। তবে এখনও তার দাফন সম্পন্ন হয়নি বলে জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয় মারা গেছেন, নয়তো খুব খারাপ অবস্থায় আছেন, কারণ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মোজতবা খামেনি জনসমক্ষে আসছেন না।

উল্লেখ্য, মোজতবা খামেনি দায়িত্ব নেয়ার আগে এবং পরেও তাকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের ১০ জন নেতার মাথার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে, যার মধ্যে নতুন সর্বোচ্চ নেতার নামও রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD