মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

২৯ মার্চ, ২০২৬ ১১:২০:০৪
ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার মন্ত্রীসভায় গৃহীত হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছাত্রসংগঠনগুলো অপসারণ করা হবে।

সরকারের ঘোষিত ১০০ দফা শাসন সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন অভিযোগের প্রেক্ষিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে দলীয় ছাত্রসংগঠনের কাঠামো পুরোপুরি ভেঙে দেয়া হবে। এর পরিবর্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর ভিত্তিতে ‘শিক্ষার্থী কাউন্সিল’ গঠন করা হবে।

এই সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থায় একাডেমিক পরিবেশ পুনঃস্থাপন করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুস্থ শিক্ষাঙ্গন তৈরি করা। সরকার মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত হবে এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটবে।

শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষাও বাতিল করেছে বালেন্দ্র শাহ’র সরকার। এর পরিবর্তে বিকল্প এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে। এ ছাড়া দীর্ঘদিনের সেশন জট কমাতে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে পরীক্ষার ফলাফল প্রকাশে বাধ্যবাধকতা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে।

সূত্র: নেপাল নিউজ

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD