ইরান-লেবাননের একযোগে হামলা, ইসরায়েলের শতাধিক শহরে বেজে উঠল সাইরেন
ছবি: সংগৃহীত
ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একযোগে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। এই সমন্বিত আক্রমণের সময় ইসরায়েলের ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে ওঠে। আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, লেবানন থেকে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একই সময়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শুরু করে এবং আশ্রয়কেন্দ্রে ছুটে যায় ইসরায়েলিরা।
এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে, হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোর ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হলেও এর অংশবিশেষ শহরের বিভিন্ন এলাকায় পড়ে।
অন্যদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ঢেউ শনাক্ত করার পর দেশজুড়ে সতর্কসংকেত জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
বিশেষ করে বৃহত্তর তেল আবিব, জেরুজালেম ও আশদোদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সাইরেন বাজতে থাকে এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এসব বিস্ফোরণ ঘটে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য