রবিবার ২৯ মার্চ, ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ণ

তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: চিফ হুইপ

২৯ মার্চ, ২০২৬ ১২:২১:২০
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও দেশে বাজার স্থিতিশীল রাখতে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, জ্বালানি তেলের দাম ঠিক রাখতে প্রতি মাসে সরকারকে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। শনিবার (২৮ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে চিফ হুইপ এসব তথ্য জানান।

নূরুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম যেন না বাড়ে সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ২ লাখ মেট্রিক টন তেল নিয়ে একটি জাহাজ ইতিমধ্যে ঘাটে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ অচিরেই দেশে পৌঁছাবে। চিফ হুইপ অভিযোগ করেন, কিছু মিডিয়া, অতি উৎসাহী মানুষ এবং চোরাচালানের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

তেল পাচার রোধে কড়া বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, পাশের দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় চোরাচালান হচ্ছে। তেল চোরাচালান ও কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) সংসদে জ্বালানি মন্ত্রী বিস্তারিত ব্রিফ করবেন এবং কঠিন বার্তা দেবেন।

সংসদীয় সভায় ঈদের সময় বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া সভায় স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়।

১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ আলোচনা না হলেও রোববার এ বিষয়ে বৈঠকের কথা রয়েছে। ২ এপ্রিলের আগেই এ সংক্রান্ত রিপোর্ট পেশ করার চেষ্টা করা হবে বলে জানান চিফ হুইপ। তবে আজকের সভায় সংসদ উপনেতা, সংরক্ষিত আসনের নারী এমপি এবং সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে কোনো আলোচনা হয়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD