মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ছবি: সংগৃহীত
পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন দুইজন প্রখ্যাত শায়খ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপরিচিত ইসলামিক স্কলার শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। তিনি বিশ্বজুড়ে শায়খ মাহির আল মুয়াইকিলি নামেই অধিক পরিচিত।
শায়খ মাহির ১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনা নগরীর আল ওয়াজাহ এলাকায় জন্মগ্রহণ করেন। তবে তার পরিবার মূলত লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু শহর থেকে সেখানে বসবাস শুরু করে। ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা শায়খ মাহির শৈশব থেকেই পবিত্র কোরআন শিক্ষায় গভীর মনোযোগ দেন এবং অল্প বয়সেই হিফজ সম্পন্ন করেন।
তিনি মদিনার টিচার্স ট্রেনিং কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং জটিল অঙ্ক সহজভাবে বুঝিয়ে প্রশংসা অর্জন করেন। একই সঙ্গে তিনি মদিনার বিভিন্ন মসজিদে ইমামতি করতেন। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।
অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও খ্যাতিমান কারি শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত।
শায়খ আল-হুজায়ফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফি। তিনি ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।
১৯৭৮ সালে শায়খ হুজায়ফি মসজিদে কুবা’র ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরের বছর, অর্থাৎ ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব লাভ করেন। বর্তমানে তিনি সেখানে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুসলিম বিশ্বে এই দুই শায়খের ইমামতি ও খুতবা বিশেষ গুরুত্ব বহন করে। তাদের কণ্ঠে জুমার নামাজ ও খুতবা শুনতে বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা আগ্রহভরে অপেক্ষা করে থাকেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য