শুক্রবার ২৭ মার্চ, ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ

হরমুজ প্রণালি নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করল ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান

২৭ মার্চ, ২০২৬ ১১:০৫:৫৩
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক উদ্বেগ বাড়তে থাকায় হঠাৎ করেই কূটনৈতিক ও সামরিক তৎপরতা জোরদার করেছে ফ্রান্স। যুদ্ধ শেষের পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দ্রুত সচল রাখতে ৩৫টি দেশের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির সেনাপ্রধান। এতে স্পষ্ট, সংঘাত-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতিতে নেমেছে ইউরোপীয় শক্তিগুলো।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, যুদ্ধ-পরবর্তী সময়ে হরমুজ প্রণালি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রায় ৩৫টি দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স। দেশটির সামরিক বাহিনীর প্রধান এই বৈঠকে নেতৃত্ব দেন।

মূলত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সরাসরি সংঘাতে জড়াতে রাজি না হলেও, যুদ্ধ শেষ হলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ খোলা রাখতে তারা পরিকল্পনা প্রণয়ন করছে।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সশস্ত্র বাহিনীর প্রধান ফাবিয়েন মানদোঁর সঙ্গে একটি বড় ভিডিও কনফারেন্সে এসব দেশের প্রতিনিধিরা অংশ নেন। তবে কোন কোন দেশ এতে যুক্ত ছিল, তা প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন মহাদেশের অংশগ্রহণকারী দেশ বৈঠকে যোগ দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই উদ্যোগটি অঞ্চলে চলমান সামরিক অভিযানের বাইরে এবং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এর উদ্দেশ্য হলো সংঘাত শেষ হওয়ার পর হরমুজ প্রণালির মাধ্যমে নৌ চলাচল পুনরায় শুরু করার ব্যবস্থা করা।’

এছাড়া আলাদাভাবে ফরাসি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলা ভোজুর জানান, তিনি ব্রিটেন, জার্মানি, ইতালি, ভারত ও জাপানসহ ১২টি দেশের নৌবাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আমরা মতবিনিময় করছি, কারণ বৈশ্বিক অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সমুদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধমনী।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD