শুক্রবার ২৭ মার্চ, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ

ঝিনাইদহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করলো বিএনপি

২৬ মার্চ, ২০২৬ ১০:৫২:১০
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় তারা এ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে মহেশপুর হাই স্কুল মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আলোচনা পর্ব চলাকালে বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করলেও জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় বিএনপি নেতারা তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বর্জন করেন।

অনুষ্ঠান বর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তরফদার তৌফিক মাহমুদ বিপুসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি নেতারা বলেন, ‘স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।’

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের আয়োজনে পরবর্তীতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD