বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ

ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

২৬ মার্চ, ২০২৬ ৮:৫৭:৩৮
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার নিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা রাজধানী তেল আবিবে সরাসরি ইসরায়েলি সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে। একই সময়ে দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর ট্যাংক ধ্বংসের দাবিও করেছে হিজবুল্লাহ। খবর আল জাজিরা

লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি জানায়, তারা মধ্য তেল আবিবে অবস্থিত ‘কিরিয়া’ এলাকায় ‘বেশ কিছু বিশেষায়িত ক্ষেপণাস্ত্র’ দিয়ে হামলা করেছে। পাশাপাশি শহরের উত্তরে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনা লক্ষ্য করেও হামলা করা হয়েছে।

‘কিরিয়া’ কমপ্লেক্সে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। তারা কান্তারা এলাকায় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে এবং ওই এলাকার সড়কে অগ্রসরমান সেনাদের সঙ্গে লড়াই হয়েছে।

এর আগে তাইয়েবেহ-কান্তারা সড়কেও আরেকটি মার্কাভা ট্যাংকে হামলার দাবি করে লেবানিজ এই গোষ্ঠীটি। পাশাপাশি দেইর সিরিয়ান এলাকায়ও ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষের কথা বলা হয়েছে। এরই মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সেখানে একটি ‘বাফার জোন’ বা নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতে চায় তারা।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান থেকে ছোড়া সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের সতর্কতায় তেল আবিব ও জেরুজালেমসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। ইয়নেট নিউজ জানায়, গত দেড় ঘণ্টায় এ নিয়ে তৃতীয়বারের মতো সাইরেন বাজানো হয়েছে।

হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননের মারজাইউন জেলার কান্তারা এলাকার কাছে তারা দুটি ইসরায়েলি যুদ্ধ ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ ওই এলাকায় মোট সাতটি ট্যাংককে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও তথ্য দেয়া হয়নি। এর আগে জানানো হয়েছে, ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লিতানি নদীর দক্ষিণের এলাকা নিয়ন্ত্রণে নেয়াই তাদের লক্ষ্য।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD