পদ্মায় বাসডুবি: ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
ফাইল ছবি
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনাকে ‘কর্তৃপক্ষের চরম অবহেলা ও অমনোযোগিতার’ ফল বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ মার্চ) রাতে এক শোক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দৌলতদিয়া ঘাটে এ ধরনের দুর্ঘটনায় দেশজুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষের প্রাণহানির আশঙ্কায় শোক প্রকাশ করে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বারবার এমন প্রাণহানি ঘটছে। আগে থেকে যথাযথ সতর্কতা এবং পন্টুন ব্যবস্থাপনায় নজরদারি থাকলে এই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো বলে তিনি মনে করেন।
বিএনপি মহাসচিব অবিলম্বে উদ্ধারকাজ আরও বেগবান করতে এবং নিখোঁজদের উদ্ধারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, “অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার নেপথ্যে থাকা দায়ীদের খুঁজে বের করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে মির্জা ফখরুল নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথা জানান।
এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি ঢাকামুখী বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে ঘাটে আসার পর কিছু যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় ঠিক কতজন পানির নিচে আটকা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে এবং আরও ১১জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বর্তমানে নিখোঁজদের সন্ধানে কাজ করছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























মন্তব্য