দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ২
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এঘটনায় এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় বিকেল ৫টা ২০ মিনিটে এবং উদ্ধারকারী দল ৫টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ফেরিতে ওঠার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে যায়। বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৫ থেকে ৭ জন শুরুতেই বের হয়ে আসতে সক্ষম হন।
দুর্ঘটনার পর গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহায়তায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, আজ বিকেলে ঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। পরে খবর পেয়ে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছান।
তিনি আরও জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধারে যোগ দিতে ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য