যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিলো ইরান

২৫ মার্চ ২০২৬, ২:৪১:৫৯

ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত বন্ধে নতুন করে আলোচনার ইঙ্গিত মিলছে। এরই মধ্যে যুদ্ধের অবসানে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এসব শর্ত মেনে নেয়া হলে সমঝোতার পথ খুলতে পারে, তবে হরমুজ প্রণালি ও মার্কিন ঘাঁটি নিয়ে তেহরানের দাবি নতুন জটিলতা তৈরি করতে পারে।

সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর বলছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সমঝোতার জন্য ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু গণমাধ্যম। ফেব্রুয়ারির শেষ থেকে চলা সংঘাতের প্রেক্ষাপটে এই শর্তগুলো সামনে এসেছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান কঠোর কিছু শর্ত দিয়েছে। এসব শর্ত পূরণ হলেই যুদ্ধ শেষের বিষয়ে সমঝোতায় যেতে পারে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রথমেই নিশ্চিত গ্যারান্টি চাইছে যাতে যুদ্ধ আবার শুরু না হয়। পাশাপাশি হরমুজ প্রণালি নিয়ে নতুন ব্যবস্থা চায় তেহরান, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করা এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও তুলেছে ইরান।

এর আগে সোমবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবার তারা ‘গুরুত্ব দিয়ে’ বিষয়টি দেখছে।

টেনেসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটি আমাদের সামরিক বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের ফল’। তিনি আশা প্রকাশ করেন, একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে একই সঙ্গে সতর্ক করে দেন, যাই হোক না কেন— ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার জন্য ইরানের সামনে এখন আরেকটি সুযোগ রয়েছে। আমরা আশা করি তারা সেটি গ্রহণ করবে। যাই হোক, এতে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব আরও নিরাপদ হবে এবং পরিস্থিতি স্থিতিশীল হবে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য