মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ণ

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

২৩ মার্চ, ২০২৬ ১১:০৩:০৩
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক করে গঠিত এই প্যানেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নতুন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫৩ বছর বয়সী হাবিবুল বাশার। তিনি সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হয়েছেন।

নির্বাচক প্যানেলের অন্য সদস্যরা হলেন— সাবেক জাতীয় দলের পেসার হাসিবুল হোসেন, অলরাউন্ডার নাঈম ইসলাম এবং সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী। এর আগে থেকেই নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসিবুল হোসেন।

অভিজ্ঞ নির্বাচক হিসেবে বাশারের দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী—উভয় জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা আট বছর বাংলাদেশ পুরুষ জাতীয় দলের নির্বাচক ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে ডানহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এছাড়া তিনি ১৮টি টেস্ট ও ৬৯টি ওয়ানডেতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।

নতুন প্যানেলে যুক্ত হওয়া নাঈম ইসলাম প্রায় দুই দশকের খেলোয়াড়ি ক্যারিয়ারে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ শতকের রেকর্ডও তার দখলে রয়েছে।

অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও দীর্ঘ ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে নির্বাচক প্যানেলে যোগ দিয়েছেন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্রিকেট থেকে অবসরের পর প্রতিভা অন্বেষণ ও বিকাশ কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি এবং বিসিবির অধীনে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

নতুন এই নির্বাচক প্যানেল আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের পরিকল্পনা ও দল গঠনের দায়িত্ব পালন করবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD