সর্বোচ্চ সতর্কতা জারি
ইসরায়েলে ইরানের ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ইরান থেকে ইসরায়েল অভিমুখে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এটি অন্যতম বড় হামলার ঘটনা।
রবিবার (২২ মার্চ) আইডিএফ-এর এক বিবৃতিতে জানানো হয়, তেহরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ প্রতিহত করা হয়েছে। আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানিয়েছেন, ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে আমাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা প্রায় ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছি।
হামলার পরপরই ইসরায়েল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে জেরুজালেম ও ইসরায়েলের মধ্যাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
আঞ্চলিক এই উত্তেজনার আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমায় ইরান থেকে আসা ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমান অস্থিরতা শুরুর পর থেকে তারা এ পর্যন্ত মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম (IRIB) দাবি করেছে, হামলার নতুন ধাপ ইতোমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে, আইডিএফ টেলিগ্রাম বার্তায় জানিয়েছে যে তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর ও দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে, তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি এখনো বেশ থমথমে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য