আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন। ছোটবেলা অর্থাৎ কৈশোর থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন শেখ মুজিব। সে জন্য অল্প বয়সেই কারাবরণ করতে হয় তাকে। এরপর নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
সময়ের সাথে তিনি হন পরিণত। একাত্তরের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া তার ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার সংগ্রামকে নতুন গতি দেয়। সেই বছরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করে। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট আততায়ীর গুলিতে সপরিবারে নিহত হন তিনি। এরপর থেকে নানা সময়ে বঙ্গবন্ধুর জন্মদিন আয়োজন হতো নানাভাবে। কখনও আনুষ্ঠানিকতা ছিল বেশি, কখনও কম। বিশেষ করে বিগত আওয়ামী লীগের শাসনামলে তার জন্মদিন উদযাপন হতো ঘটা করে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। গেল দুই বছর তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কাটে দিবসটি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য