হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এমনটাই জানিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) সিএনবিসি ব্রডকাস্টের বরাতে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের জাহাজগুলো এরইমধ্যে বের হয়ে এসেছে এবং বাকি বিশ্বে সরবরাহ বজায় রাখতে এটি ঘটতে দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি জানান, গুরুত্বপূর্ণ এই নৌ-পথে এখন অধিকতর জাহাজ চলাচল করছে। বিশেষ করে ভারত ও চীনের জাহাজও এখন অতিক্রম করছে প্রণালিটি। এই সিদ্ধান্তের ফলে আশা করা হচ্ছে আগামীতে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য জাহাজ চলাচল আরও বাড়বে।
যুক্তরাষ্ট্রর এ অর্থমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে, ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা। এর মধ্যে ইরানের নৌবাহিনী এবং তার সীমানার বাইরে শক্তি প্রদর্শনের ক্ষমতা দুর্বল করা ও ধ্বংস করা।
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হচ্ছে এই হরমুজ প্রণালি। পথটি দিয়ে প্রতিদিন বিপুল তেল ও গ্যাস পরিবহনের চলাচল হয়। মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশ প্রণালিটির ওপর নির্ভরশীল।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য