প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

সকালের মধ্যেই ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭ মার্চ ২০২৬, ১২:৫৭:২০

ফাইল ছবি

চৈত্রের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৩ ডিগ্রিতে। এই অবস্থায় খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ মার্চ) সকালের মধ্যেই দেশের ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবার (১৬ মার্চ) রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ৫ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মঙ্গল ও বুধবার (১৭-১৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে বৃহস্পতি ও শুক্রবার (১৯-২০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ দু’দিনও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য কমলেও শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে আগামী শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এদিনও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে দেশের সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে সিলেটে ২৪ মিলিমিটার ছাড়াও বরিশালে ২০, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, কিশোরগঞ্জের নিকলিতে ৫ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলায় দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য