সোমবার ১৬ মার্চ, ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ

দেশের রিটেইল খাতে জাপানি বিনিয়োগের বড় চমক: ‘স্বপ্ন’-এর সঙ্গী হলো বিশ্বখ্যাত মিতসুই

১৬ মার্চ, ২০২৬ ৩:১০:০০
ছবি: সংগৃহীত

দেশের আধুনিক রিটেইল শিল্পে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। বাংলাদেশের রিটেইল চেইন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে জাপানের শীর্ষস্থানীয় বহুজাতিক বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড। বিশ্বখ্যাত এই বহুজাতিক প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারিত্ব ও কারিগরি সহযোগিতার মাধ্যমে স্বপ্নের অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।

গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঐতিহাসিক পার্টনারশিপের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।  চুক্তির আওতায় মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধা এসিআই লজিস্টিকসকে দেবে। এ রূপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার পথ তৈরি হবে।

এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, জাপানের মিতসুই-এর মতো একটি বিশাল প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারিত্ব প্রমাণ করে যে, বাংলাদেশের রিটেইল বাজার এখন বিশ্বমানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত। এই পার্টনারশিপের ফলে ‘স্বপ্ন’ কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক রিটেইল মানদণ্ডে নিজেদের আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। এর সুফল সরাসরি ভোগ করবেন বাংলাদেশের সাধারণ ভোক্তারা, যারা আরও উন্নত সেবা ও পণ্য পাবেন।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের আধুনিক রিটেইল খাতে স্বপ্নের নেতৃত্বদানকারী ভূমিকা, দেশজুড়ে ৮৩৫টিরও বেশি আউটলেটের বিশাল নেটওয়ার্ক এবং বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানের অভাবনীয় বিস্তার মিতসুই-এর নজরে এসেছে। স্বপ্নের দক্ষ পরিচালনা ব্যবস্থা, সঠিক মানের পণ্য সরবরাহ এবং ক্রেতাসাধারণকে উন্নত শপিং অভিজ্ঞতা দেওয়ার সামর্থ্য পর্যবেক্ষণ করে মিতসুই এই পার্টনারশিপে গভীর আস্থা প্রকাশ করেছে।

মিতসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে সারা বিশ্বের ৬০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে। এই পার্টনারশিপের ফলে স্বপ্ন কেবল আর্থিক বিনিয়োগই পাবে না, বরং মিতসুই-এর দীর্ঘ বৈশ্বিক সোর্সিং দক্ষতা, গভীর কারিগরি জ্ঞান এবং বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের সেবার মান আরও উন্নত করতে পারবে। ভবিষ্যতে স্বপ্নের সাপ্লাই চেইন অপটিমাইজেশন, করপোরেট গভর্ন্যান্স এবং সাসটেইনেবিলিটি নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান নিবিড়ভাবে কাজ করবে।

এসিআই সেন্টারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই পিএলসি-এর চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা এবং ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা। স্বপ্নের পক্ষে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির। মিতসুই-এর পক্ষে উপস্থিত ছিলেন মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক)-এর কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কজুহাইডে নাকাজো (Mr. Kazuhide Nakajo)। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।

মিতসুই এশিয়া প্যাসিফিক স্বপ্নের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য বা স্ট্র্যাটেজিক ম্যানডেট অর্জনে পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছে। রিটেইল খাতে স্বপ্নের এই নেতৃত্বদানকারী অবস্থানকে আরও সুসংহত করতে জাপানি এই প্রতিষ্ঠানের কারিগরি ও ব্যবসায়িক পরামর্শ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD