রবিবার ১৫ মার্চ, ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিত্ররা বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান

১৫ মার্চ, ২০২৬ ৫:৪৮:২০

এবার তেল ও এলএনজি সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সংকটের উদ্বেগে পড়েছে অনেক দেশ। এমন অবস্থায় ইরান জানাল, এই প্রণালি কেবল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ থাকবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত। শুধু যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ ছাড়া।’ সরবরাহ স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের প্রণালিটিতে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছে। এমন সময়ে আরাগচি এই মন্তব্য করলেন।

সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধ নিয়ে আরাগচি বলেন, যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে- এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তবে এখন পর্যন্ত যুদ্ধ শেষ করার নির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে নেই।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে এরই মধ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ অবস্থায় স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির মাধ্যমে তেল পায়, তাদের ওই পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র সাহায্য ও সমন্বয় করবে যাতে সবকিছু দ্রুত ও মসৃণভাবে এগোয়।’

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প যেসব দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন, সেগুলোর মধ্যে আছে- চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। তবে এসব দেশের কেউই তাৎক্ষণিকভাবে জাহাজ মোতায়েনের ইঙ্গিত দেয়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD