বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে চাইছে ইরান ও রাশিয়া: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জেরে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এই দুই দেশের মিত্রদের কোনও জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই সেটিকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল-গ্যাস পরিবহনের রুট বন্ধ হয়ে যায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।
এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইরানকে নিশানা বানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি অভিযোগ করে বলেছেন , রাশিয়া এবং ইরান ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি’ করার চেষ্টা করছে।
চলমান মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রুশ তেল ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। এ ছাড়া আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) ৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল মজুত থেকে বাজারে ছাড়ার সুপারিশ করেছে।
ইভেট কুপার জানান, রাশিয়া ও ইরানের মধ্যে ‘দীর্ঘ সময় ধরে’ যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে। ‘আমরা লক্ষ্য করছি কীভাবে এই দুই রাষ্ট্র একে অপরকে সমর্থন দেয়ার চেষ্টা করছে। বিশ্ব অর্থনীতিকে কুক্ষিগত করার চেষ্টার মাধ্যমে একত্রে লাভবান হওয়ার চেষ্টা করছে তারা’-যোগ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।
তবে রাশিয়ার তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার ইস্যুতে বেশিকিছু বলতে চাননি কুপার। সিদ্ধান্তটিকে শুধু একটি ‘নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সূত্র: বিবিসি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য