শুক্রবার ১৩ মার্চ, ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ
 

ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

১৩ মার্চ, ২০২৬ ১১:৫৭:৪৪
ছবি: সংগৃহীত

চলছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসের তৃতীয় দশক ইতোমধ্যেই শুরু হয়েছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে বিষয়েও চলছে আলোচনা। এমন অবস্থায় আসন্ন ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।

সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। খবর জিও নিউজ

বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো জানায়, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের নতুন চাঁদ আগামী ১৯ মার্চ পাকিস্তান সময় সকাল ৬টা ২৩ মিনিটে জন্ম নেয়ার কথা। সুপারকো আরও জানায়, ১৯ মার্চ সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে প্রায় ১২ ঘণ্টা ৪১ মিনিট। ওই দিন পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্তের পর চাঁদ অস্ত যাওয়ার ব্যবধান থাকবে প্রায় ২৮ মিনিট।

এই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৯ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে শাওয়াল মাসের প্রথম দিন ধরা হচ্ছে শনিবার, ২১ মার্চ। অর্থাৎ ওই দিনই পাকিস্তানে পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটিয়ে উদযাপিত হতে পারে ঈদুল ফিতর।

তবে সুপারকো জানিয়েছে, চাঁদ দেখা ও দেশজুড়ে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি।

বিশ্বজুড়ে মুসলমানরা গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেন। এক মাস রোজা রাখার মাধ্যমে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও উদারতার চর্চা শেষে এই উৎসব পালন করা হয়। চলতি বছর রমজানের প্রথম রোজা শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি। ইসলামি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয় এবং এর শুরু ও শেষ নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর। তাই রমজান প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একই তারিখে পড়ে না।

চাঁদের গতির ওপর ভিত্তি করে নির্ধারিত ইসলামি ক্যালেন্ডারের ১২ মাসের মধ্যে রমজান নবম মাস। এই চন্দ্রবর্ষ গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় ১০ দিন ছোট হওয়ায় রমজানের সময় প্রতিবছর কিছুটা এগিয়ে আসে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD