এবার যুক্তরাষ্ট্রে ড্রোন হামলার পরিকল্পনা করছে ইরান, এফবিআই’র সতর্কবার্তা
এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইরান ড্রোন হামলার পরিকল্পনা করছে এমন আশঙ্কা মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের। শীর্ষস্থানীয় মার্কিন সংবাদমাধ্যমগুলো এই গোয়েন্দা বার্তার বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। সীমান্তবর্তী জলসীমায় অবস্থানরত জাহাজ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে ড্রোন হামলা চালাতে পারে তেহরান, ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া এফবিআই-এর এক সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
গোয়েন্দা তথ্যে বলা হয়, মার্কিন উপকূলে অবস্থানরত কোনো অপরিচিত জাহাজ থেকে ড্রোন ব্যবহার করে অজানা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তেহরান। গোয়েন্দারা ধারণা করছেন, হামলার প্রয়োজনীয় সরঞ্জাম অনেক আগে থেকেই সেখানে মজুত করা হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই সতর্কতা জারি করা হয়, যা এখন জনসমক্ষে আসায় স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ।
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় ইরানের শক্তিশালী নেটওয়ার্ক এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে। অন্যদিকে মেক্সিকোর মাদক চক্রগুলোর ড্রোন ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সীমান্ত ও সেনাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে।
তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান-সমর্থিত হামলা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সম্ভাব্য এই হুমকি মোকাবিলায় জরুরি সেবা দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে নিশ্চিত করেন। লস অ্যাঞ্জেলেসে এফবিআই কার্যালয়ের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। হোয়াইট হাউসের কাছ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পায়নি এবিসি নিউজ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য