ইরানের ইসফাহানে ৬০% সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম আছে: গ্রোসি
এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় অন্তত ২০০ কেজির বেশি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত থাকতে পারে বলে সংস্থাটি বিশ্বাস করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রোসি উল্লেখ করেন যে আইএইএ মনে করছে এই ইউরেনিয়াম এখনো ইসফাহানেই রয়েছে এবং অন্য কোথাও সরানো হয়নি।
গত বছর ১২ দিনব্যাপী সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ওই সময় ইসফাহান, নাতাঞ্জ এবং ফোরদোতে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বোমা হামলা করা হয়।
এর পর থেকেই আইএইএ ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি চেয়ে আসছে। সংস্থাটি জানতে চাচ্ছে, সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম বর্তমানে কোথায় রয়েছে এবং কী অবস্থায় আছে।
তবে ইরান জানিয়েছে, সামরিক হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই। এ কারণে তারা এখন পর্যন্ত এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এবং এ বিষয়ে কোনো তথ্যও প্রকাশ করেনি। সূত্র: বিবিসি বাংলা
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য