মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ণ
 

সৌদিতে মিসাইল হামলায় সখীপুরের প্রবাসী নিহত, স্ত্রীর আহাজারি

৯ মার্চ, ২০২৬ ১০:৪১:৫৮
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুরের মোশারফ হোসেন (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গত রোববার (৮ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সৌদি আরবের আল খারিজ শহরে এই হামলার ঘটনা ঘটে। মোশারফের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত মোশারফ হোসেন সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা মধ্যপাড়া গ্রামের মো. সুরজত আলীর ছেলে। তিনি গত আট বছর ধরে সৌদি আরবের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সকালে মোশারফের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। স্বামী হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী কবরী আক্তার। বিলাপ করতে করতে তিনি বলছিলেন, “গত রোববার সকালেই তো আমার স্বামীর সাথে কথা হলো। বলেছিল দুই-একদিন পরেই টাকা পাঠাবে। সেই টাকা দিয়ে দুই ছেলে আর বাড়ির সবার জন্য ঈদের নতুন জামাকাপড় কিনতে বলেছিল। কিন্তু একদিন না যেতেই আল্লাহ আমার স্বামীরে নিয়া গেল! আমার পোলা দুইডা এতিম হইয়া গেল। তোমরা শুধু আমার স্বামীর লাশটা আইনা দ্যাও।”

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে মোশারফের সহকর্মীরা বাড়িতে ফোন করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। আল খারিজ শহরে অবস্থানকালে আকস্মিক মিসাইল হামলায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান জানান, মোশারফ হোসেন একজন পরিশ্রমী মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি একেবারে নিস্ব হয়ে পড়েছে। সরকারের কাছে পরিবারের দাবি, দ্রুততম সময়ের মধ্যে যেন মোশারফের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

নিহত মোশারফের দুই শিশু সন্তান এবং বৃদ্ধ বাবা-মাসহ পুরো পরিবার এখন তার লাশের অপেক্ষায় দিন গুনছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD