আরব আমিরাতের ২ সেনা নিহত

৯ মার্চ ২০২৬, ৯:১৮:০৯

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুই সৈন্য প্রাণ হারিয়েছেন। ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আজ (সোমবার) দেশের অভ্যন্তরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর দুইজন সদস্য মৃত্যুবরণ করেছেন।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর থেকেই যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে আরব আমিরাত। পাল্টা হামলার জন্য উপসাগরীয় অন্য দেশগুলোর সঙ্গে আরব আমিরাতকেও লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান।

তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দেশটিতে এখন পর্যন্ত ৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। দুবাই, আবুধাবির মতো শহরগুলোর বিভিন্ন ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরব আমিরাতের মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার (৯ মার্চ) দেশটির ভূখণ্ডের দিকে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার মধ্যে ১২টি প্রতিহত করা হয়েছে এবং তিনটি সমুদ্রে পতিত হয়েছে।

এ ছাড়া ১৮টি ড্রোন আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়। এর মধ্যে ১৭টি ঠেকানো গেলেও একটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে বলে জানানো হয়। সূত্র: আল জাজিরা

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য