মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ
 

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি তুরস্কের

৯ মার্চ, ২০২৬ ৯:০২:৫০
ছবি: সংগৃহীত

ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা। সোমবার (৯ মার্চ) পূর্ব ভূমধ্যসাগরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ওই ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে পড়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ইরান অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ড থেকে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে কোনও হামলা চালানো হয়নি।

তুরস্কের ভূখণ্ডের ওপর আসা যেকোনও ধরনের হুমকির বিরুদ্ধে ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে নিজ নাগরিকদের তুরস্ক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনস্যুলেট থেকে সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘‘নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর আদানার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন নেই; এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।’’

একই সঙ্গে ভ্রমণ সতর্কতা জারি করে বলা হয়েছে, ‘তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকাটি ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।’ সূত্র: আল জাজিরা

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD