প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত
 

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

৯ মার্চ ২০২৬, ৭:০৮:৩২

ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদ্‌যাপন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের নারী কর্মীদের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের উদযাপনের কেন্দ্রে রেখে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও আইসিসি ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস, ক্লথস ‘আর’ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্য চিন ঠে ডলি, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শুটিং স্পোর্টস বিচারক প্রফেসর সায়মা ফিরোজ এবং আইচি হেলথকেয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উলফাত জাহান মুন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাশনা ইমাম সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীদের বিরুদ্ধে ‘মোরাল পুলিশিং’ বন্ধ করতে হবে। একজন নারীর স্বাধীনতা, পছন্দ-অপছন্দ এবং তার মর্যাদা সমাজ দ্বারা নিয়ন্ত্রিত বা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়। প্রকৃত উন্নতি তখনই সম্ভব, যখন নারীকে সমান নাগরিক হিসেবে সম্মান দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. পারভীন আক্তার জেমি এবং স্কুল অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টসের ডিন সৈয়দা আফরোজা জেরিন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা নারীদের নিজেদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে উপলব্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেক নারীর ভেতরে একটি দীপ্তি লুকিয়ে থাকে। সেই দীপ্তিই সাহস, প্রতিভা এবং ইতিবাচক পরিবর্তন আনার শক্তির প্রতীক। নারীদের উচিত সেই শক্তিকে লালন করা এবং তা কাজে লাগিয়ে নিজেদের স্বপ্ন পূরণ ও সমাজে অবদান রাখা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সমতা ও সম্মান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সাংস্কৃতিক পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার সমবেত আবৃত্তি পরিবেশন করেন বাংলা বিভাগের প্রভাষক শোভন চক্রবর্তী, মো. আবদুল হাকিম, মো. অমিত হাসান সোহাগ এবং সাইফুল্লাহ মনসুর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘নারীর জন্য নিরাপদ দেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথিদের পাশাপাশি অংশগ্রহণ করেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন ড. ইশরাত হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. মো. তারেক আজিজ। বক্তারা নারীদের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার উপায় নিয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য আমন্ত্রিত অতিথিদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন। সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য