ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ
এবার মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৬ মার্চ) ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় পুতিন শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং মধ্যপ্রাচ্য ঘিরে সমস্যাগুলোর সমাধানে অবিলম্বে সংঘর্ষ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন পুতিন। শক্তি প্রয়োগের পথ পরিহার করে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়ার বিষয়ে রাশিয়ার নীতিগত অবস্থানের কথাও বলেছেন তিনি। ক্রেমলিন আরও জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পুতিন উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
বিবৃতিতে বলা হয়, সংকটকালীন সময়ে রাশিয়ার সমর্থনের জন্য পেজেশকিয়ান মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট তার দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় লড়াইরত ইরানি জনগণের প্রতি রাশিয়ার ‘সংহতি’ প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যও পুতিনকে অবহিত করেন পেজেশকিয়ান । ক্রেমলিন জানায়, উভয় পক্ষ ‘বিভিন্ন চ্যানেলের মাধ্যমে’ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক হামলা চালানোর পর থেকে পুরো অঞ্চলে উত্তেজনা দ্রুত বেড়ে চলেছে। হামলায় এখন পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন। এর জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলসহ এমন কিছু আরব দেশকে লক্ষ্যবস্তু করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য