শনিবার ৭ মার্চ, ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ণ

লাফিয়ে বাড়ছে তেলের দামও

৬ মার্চ, ২০২৬ ১০:৩৮:৪৭
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বেড়েছে। এর ফলে শুক্রবার এশিয়ার শেয়ারবাজারে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন দেখা গেছে। অন্যদিকে তেলের বাজারে হয়েছে বড় ধরনের উল্লম্ফন। খবর রয়টার্সের।

চলতি সপ্তাহে তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৭৩ ডলারে লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। একই সময়ে মার্কিন ক্রুড তেলের দাম ১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে পৌঁছেছে।

মার্কিন সরকার তেলের দাম নিয়ন্ত্রণে ফিউচার মার্কেটে হস্তক্ষেপের কথা ভাবছে—এমন খবরে শুক্রবার দামে সামান্য সংশোধন এলেও সামগ্রিক ঊর্ধ্বগতি থামেনি।

জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে পুনরায় মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে তা আরও বাড়িয়ে দিতে পারে বলে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ডলার শক্তিশালী হওয়ায় এবং জ্বালানি সংকট তৈরি হওয়ায় ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মানও ১ থেকে ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD