ট্রেনের টিকিটে ৩০ মিনিটেই ১ কোটির বেশি হিট
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রার টিকিটযুদ্ধের চতুর্থ দিনে আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টায় ১৬ মার্চের টিকিট বিক্রি শুরুর মাত্র ৩০ মিনিটের মাথায় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে জমা পড়েছে ১ কোটির বেশি হিট।
চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় নিমিষেই শেষ হয়ে গেছে উত্তর ও পশ্চিমাঞ্চলগামী ট্রেনের প্রায় সব আসন।
রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ১ কোটি ৫ লাখ বার হিট করেছেন ব্যবহারকারীরা।
রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৬ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিনের জন্য সারাদেশে সব মিলিয়ে মোট আসনসংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫২৮টি।
তবে বিপুল চাহিদার বিপরীতে এই আসনসংখ্যা অত্যন্ত নগণ্য। সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৪৪৩টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। একই সময়ে সারাদেশে বিক্রি সম্পন্ন হয়েছে ২০ হাজার ৩৩২টি আসনের টিকিট।
বেলা ১১টায় রেলওয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা যায়, ১৬ মার্চের ঢাকা-রাজশাহী রুটের ৫টি, ঢাকা-পঞ্চগড় রুটের ৩টি, ঢাকা-চিলাহাটি রুটের ২টি, ঢাকা-বেনাপোল রুটের ২টি, ঢাকা-দিনাজপুর রুটের ৩টি, ঢাকা-রংপুর রুটের ২টি, ঢাকা-কুড়িগ্রাম রুটের ২টি এবং ঢাকা-খুলনা রুটের ৩টি ট্রেনের একটি আসনও আর অবশিষ্ট নেই।
এদিকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি সকালে শুরু হলেও পূর্বাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ দুপুর ২টায়। মূলত সার্ভারের ওপর চাপ কমাতে দুই ভাগে এই টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এই সূচি অনুযায়ী- ১৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য