শুক্রবার ৬ মার্চ, ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ণ

বেসামরিক এলাকায় হামলা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান

৫ মার্চ, ২০২৬ ১১:৫০:১৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই অভিযোগ করেছেন। এছাড়া ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। খবর বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ‘বিশ্বব্যাপী বাজারে এই হামলার প্রভাব পড়েছে, দাম বেড়েছে জ্বালানির, মুদ্রার বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইরানিদের জন্য এই যুদ্ধের মূল্য পরিমাপের বাইরে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে আমাদের দেশের মানুষকে। কারণ হামলাকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক এলাকা এবং এমন সব স্থানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যেখানে সর্বোচ্চ পরিমাণ প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি করা সম্ভব।’

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করতে চাইছেন।

অন্যদিকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তাই শহরগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়াও দুষ্কর।

তবে জানা যাচ্ছে, রাস্তাঘাট বেশ শান্ত। একই সঙ্গে তেহরান ও ইসফাহানের মতো বড় শহরগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি।

তেহরানের এক স্থানীয় বাসিন্দা জানান, টানা পাঁচ দিন পর তিনি বাড়ি থেকে বের হয়ে ‘নাফত স্ট্রিট’-এর দিকে গিয়েছিলেন। এই সড়কের দুই ধার জুড়ে রয়েছে সারি সারি গাছ। সেই রাস্তা ঘিরে থাকা আবাসিক এলাকাতেই এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রশাসনিক ভবন। গত সোমবার রাতে সেটাতেই হামলা করা হয়েছিল।

নিরাপত্তার কারণে এখানে তেহরানের ওই বাসিন্দার নাম প্রকাশ করা হচ্ছে না। ওই এলাকার আশেপাশে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়েছে জানিয়ে তিনি বলেন, সাধারণ সময়ে যানজটের কারণে যে পথ পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা লাগতো, এখন সেখানে পৌঁছাতে খুব কম সময় লেগেছে।

তিনি বলেন, ‘ভাগ্য ভালো যে তারা আমাকে থামায়নি। সাধারণত চেকপোস্ট দেখলেই আমি চাপ অনুভব করি। যদিও আমার কাছে কখনও এমন কিছু ছিল না বা আমি এমন কিছু করিনি, যার জন্য ভয় পাওয়ার কথা।’

তিনি আরও বলেন, কাছের ইরানশাহর স্ট্রিটের ক্যাফেগুলোতে সাধারণ সময়ে ভীড় লেগেই থাকে। আর এখন তা পুরোপুরি নির্জন হয়ে আছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD