শুক্রবার ৬ মার্চ, ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ণ

দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস

৫ মার্চ, ২০২৬ ১০:৩৭:০১
ফাইল ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সক্রিয়তা এবং দক্ষিণ বঙ্গোপসাগরের স্বাভাবিক মৌসুমি লঘুচাপের প্রভাবে আবহাওয়ার এ পরিবর্তন হতে পারে। তবে এর আগে আগামী কয়েক দিন দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান–এর দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া শুক্রবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আগামী রোববার ও সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। বৃষ্টির এই আভাস মূলত পশ্চিমা লঘুচাপের প্রভাব ও বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের সংমিশ্রণের ফলে তৈরি হতে যাচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD