বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

৫ মার্চ, ২০২৬ ৮:০৫:২৪
ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা জোরালোভাবে দেখা দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্লেষণের ভিত্তিতে জানা গেছে, আগামী ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ বুধবার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

নতুন চাঁদ ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে জন্ম নেবে এবং সেই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত দিগন্তের ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে। এর ফলে ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হবে এবং সেই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা সবচেয়ে বেশি।

বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট

আল জারওয়ান আশা প্রকাশ করেছেন যে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই সূচকগুলোর ওপর ভিত্তি করে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার একই দিনে ঈদ শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে।

তবে ধর্মীয় রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেই আসবে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই ধারাবাহিকতায় যদি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের এই নতুন পূর্বাভাস সরকারি সেই পরিকল্পনার সঙ্গেই মিলে যাচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD