মিথ্যা দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, প্রমাণিত আর হবে না: হাসনাত
এবার সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তার রাজনৈতিক সহকর্মী।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আজ (বুধবার) তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন।’ তিনি আরও লেখেন, ‘আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘‘সেফ এক্সিট’’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।’
পোস্টের শেষে এই সংসদ সদস্য লেখেন, ‘মিথ্যা, অপপ্রচার, এত-শত মিডিয়া ট্রায়াল-উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।’
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ্যে এনেছেন। গতকাল বুধবার নিজের এবং বাবা, মা ও স্ত্রীর মোট ৯টি ব্যাংক হিসাবের বিবরণী প্রকাশ করে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দেন তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য