বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত
লেবাননের ইরানি দূতাবাসে কোনও ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাস লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুমকি দিয়েছেন।
বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির বিষয়ে শেকারচি বলেন, ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্রটি’ বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান।
শেকারচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনও ধরনের শত্রুতা বা বিরোধ নেই।’
ইসরায়েলি হুমকির জবাবে ইরানের এই জেনারেল বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনও আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তার ভাষায়, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এ ছাড়া আরব আমিরাতের ইসরায়েলি দূতাবাস কমপ্লেক্সের ইরানের একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়লে অন্তত ২ জন আহত হয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য