ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত
‘ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল’ বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ট্রাম্প শেষ পর্যন্ত সেই হুমকি মোকাবিলা করতে পেরেছেন বলে জানান তিনি। বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফ করার সময় হেগসেথ বলেন, ‘যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে।’
২০২৪ সালে ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল, ট্রাম্পকে হত্যার জন্য ৫১ বছর বয়সী ফারহাদ শাকেরিকে ‘একটি পরিকল্পনা প্রণয়ন’ করতে বলা হয়।
তখন মার্কিন সরকার জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ম্যানহাটনের আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তা শাকেরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পকে নজরদারি ও হত্যা করার একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও যোগ করেন, ইরানের ওপর তার দেশ ও ইসরায়েলের হামলা কেবল শুরু হয়েছে। শিগগিরই আরও কয়েক দফায় হামলা চালানো হবে বলে জানান তিনি। হেগসেথ বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র নির্ভুল লক্ষ্যভেদী ‘গ্র্যাভিটি বোমা’র অফুরন্ত মজুত ব্যবহার করবে।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
মার্কিন-ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ১০৪৫ জন নিহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত ও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু স্থাপনা ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটছে।
সূত্র: বিবিসি বাংলা
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য