বুধবার ৪ মার্চ, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ

কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ

৪ মার্চ, ২০২৬ ১০:২৩:৩৯

গত রবিবার কুয়েতে একটি সামরিক স্থাপনায় ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, একটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিয়ে পোর্ট শুয়াইবার একটি বাংকারে আঘাত হানে। মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রাথমিকভাবে জানিয়েছিল, হামলায় তিনজন সেনা নিহত হয়েছেন। তবে সোমবার কর্মকর্তারা নিশ্চিত করেন, আহত একজন পরে মারা যান এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আরো দুইটি মরদেহ উদ্ধার হওয়ার পর নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার পর থেকে মার্কিন সামরিক বাহিনী এ ছয়জনের মৃত্যুকেই একমাত্র নিশ্চিত প্রাণহানি হিসেবে জানিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিহত চার সেনার নাম প্রকাশ করেছে। তারা সবাই ইউএস আর্মি রিজার্ভের সদস্য। নিহতরা হলেন—ক্যাপ্টেন কোডি খর্ক (৩৫), সার্জেন্ট নোয়া টিটজেন্স (৪২), সার্জেন্ট নিকোল আমর (৩৯) এবং সার্জেন্ট ডেকলান কোয়াডি (২০)।

সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘একটি শক্তিশালী অস্ত্র সুরক্ষিত কৌশলগত অপারেশনস সেন্টারে আঘাত করেছে।’ ইরানের হামলা সম্পর্কে জানেন এমন মার্কিন সামরিক বাহিনীর তিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানান, কুয়েতে নিহত সেনারা সম্ভবত একটি ড্রোন হামলায় মারা গেছেন। তারা একটি অস্থায়ী অফিসে কাজ করছিলেন। কর্মকর্তারা বলেন, একটি ট্রেলারকে অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

সেটির চারপাশে ১২ ফুট (৩.৭ মিটার) উঁচু ইস্পাত-সংবলিত কংক্রিটের দেয়াল ছিল। তবুও ভবনটি যথেষ্ট সুরক্ষিত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কুয়েতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। দেশটিতে ১৩ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন আছে। ইরানের ওপর হামলার জবাবে ইরান যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান এবং কাতার—এই দেশগুলোতেও বিচার হয়েছে।

এদিকে কুয়েতে আলাদা এক ঘটনার সম্পর্কে যুক্তরাষ্ট্র জানায়, সোমবার ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের গুলিতে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিমানগুলো ঘুরতে ঘুরতে মাটিতে পড়ছে। তবে পাইলটরা সময়মতো বেরিয়ে আসতে পেরেছেন এবং সবাই বেঁচে আছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, তাদের সেনাবাহিনীই যুদ্ধবিমানগুলো ভূপাতিত করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি। সূত্র : বিবিসি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD