এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণার পর কাতারের আমিরকে পুতিনের টেলিফোন

২ মার্চ ২০২৬, ১১:৩১:৩১

ছবি: সংগৃহীত

এবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ ঘোষণার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ফোনালাপে কাতার আমিরের প্রতি সংহতি প্রকাশ করে পুতিন শিগগিরই মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

কাতারের আমিরের কার্যালয়ের বরাতে আল-জাজিরা জানিয়েছে, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে টেলিফোন করে তার সঙ্গে কথা বলেছেন। ওই ফোনালাপে কাতারে ইরানের হামলার পর সংহতি প্রকাশ করা এবং যেকোনো ধরনের সমর্থন ও সহায়তা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করায় রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি।

এছাড়াও ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

এদিকে কাতারের আমিরের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকেও টেলিফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ফোনালাপে সংযুক্ত আরব আমিরাত ও বেশ কয়েকটি আরব দেশকে লক্ষ্য করে ইরানের হামলা নিয়েও আলোচনা করেন তারা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য