সোমবার ২ মার্চ, ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ণ

সৌদি থেকে কবে ফিরছেন মুশফিক, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

২ মার্চ, ২০২৬ ১২:৩৯:১৭
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় আটকা পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম আগামীকাল দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় কয়েকদিন ধরে জেদ্দায় অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার।

রোববার (০১ মার্চ) কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, মুশফিকের বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখছেন এবং তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে।

তিনি বলেন, মুশফিকের বিষয়টি আমি ভালোভাবে অবগত আছি। ইতোমধ্যে তার সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি আজ রাতে ছাড়া একটি ফ্লাইটে করে তিনি আগামীকালই দেশে ফিরতে পারবেন। এখন পর্যন্ত তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

জানা গেছে, ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন মুশফিক। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তার। সে অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনাও দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় ফ্লাইটটি মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে আসে।

মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এর জেরে ওই অঞ্চলে আকাশপথে চলাচল নিয়ে সতর্কতা জারি করা হয়। নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত ঘোষণা করে। একই সিদ্ধান্ত নেয় আরও কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স। ফলে বহু যাত্রী সৌদি আরবসহ বিভিন্ন দেশে আটকা পড়েন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে পরিস্থিতির বর্ণনা দেন মুশফিক লেখেন, কয়েকদিন আগে ওমরাহ পালন করতে মক্কায় আসেন এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নির্ধারিত সময় অনুযায়ী দেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইটে উঠলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং তার সঙ্গে হাজারো যাত্রীও আটকে আছেন বলে উল্লেখ করেন।

মুশফিক তার পোস্টে আরও লেখেন, কবে এবং কীভাবে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD