ইকরার দাফন সম্পন্ন, শেষ বিদায়েও আসেননি স্বামী
ছবি: সংগৃহীত
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১ মার্চ) বিকেল ৫টায় জানাজা শেষে ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে তার নানাবাড়িতে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না আলভী। নেপাল থেকে তার ফেরার অপেক্ষায় বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হলেও নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়। ততক্ষণে তিনি উপস্থিত হননি।
ইকরার মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যকে আসামি করে এ মামলা দায়ের করেন।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুর ২টার দিকে শেষবারের মতো ঢাকা ছাড়েন ইকরা।
জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তার এক ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য