কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহতদের মধ্যে একজন বাংলাদেশি

১ মার্চ ২০২৬, ১২:৫৩:৩৮

ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের টার্মিনাল–১ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের চলমান হামলার প্রেক্ষাপটে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে এই হামলায় আহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের তরফে জানা গেছে। তবে বিমানবন্দরে কাজ করা ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এই হামলায় আহত হয়েছেন। তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অনুমোদিত জরুরি ব্যবস্থা কার্যকর করে। ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকা নিরাপদ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ক্ষয়ক্ষতির মূল্যায়ন, মেরামত ও কার্যক্রম স্বাভাবিক করার কাজ সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে চলছে।

মুখপাত্র আরও বলেন, দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সরকারি চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য