সোমবার ১৬ মার্চ, ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০২:৫৯
ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর মতে, সব পক্ষকে অবশ্যই ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে’ ফিরে আসতে হবে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপগুলোর’ দ্রুত একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা। রাশিয়ার মতে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে যেকোনো শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এদিকে ইরান পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘তথাকথিত শান্তিপ্রতিষ্ঠাকারী (যুক্তরাষ্ট্র) আবারও তার আসল রূপ দেখিয়েছে। ইরানের সঙ্গে সব আলোচনাই ছিল মূলত একটি সাজানো নাটক বা ছদ্মাবরণ। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না; কেউই আসলে কোনো বিষয়ে সমঝোতা করতে চায়নি।’

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, ‘এখন মূল প্রশ্ন হলো, শত্রুর কঠিন পরিণতির জন্য কার ধৈর্য বেশি। যুক্তরাষ্ট্রের বয়স মাত্র ২৪৯ বছর। অথচ পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল ২,৫০০ বছরেরও বেশি সময় আগে। দেখা যাক আগামী ১০০ বছরে কী হয়…।’

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করেছে ইরান। হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD