প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

মধ্যপ্রাচ্যের ৪ দেশে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৫:০৫

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

এদিকে হঠাৎ করে ফ্লাইট স্থগিতের ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। অনেকেই টিকিট কনফার্ম থাকলেও ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। এমন পরিস্থিরতে যাত্রীদেরকে পরবর্তী তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস বলেছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

যেকোনো জরুরী প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪৩৩৬৬২০০০ এবং ইমেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য