শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ণ

নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৯:০৫
ছবি: সংগৃহীত

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে। পাশাপাশি আপাতত ইসরায়েল ভ্রমণ থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, ‘যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সেই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন।’

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় কোনো স্পষ্ট সমাধান আসেনি। আগামী সপ্তাহে আবারও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। বিশ্লেষকদের আশঙ্কা, আলোচনা ভেস্তে গেলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করে জানিয়েছেন, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন বিলম্ব না করেন।

দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেছেন, যে দেশেরই বিমানের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার শর্ত দিয়েছে। এমনকি দেশটির প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার কথাও বলা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ভবিষ্যতে কোনো চুক্তি হলে সেটির মেয়াদ হবে অনির্দিষ্টকাল। তবে তেহরান নির্দিষ্ট সময়সীমার জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD