প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

মানুষ যেভাবে পারতেছে আমার নাম ব্যবহার করতেছে: সাকিব

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৮:০০

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচেষ্টায় দেশে ফেরার পথ সুগম হচ্ছে সাকিব আল হাসানের। এমন সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘জোরপূর্বক’ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন একদল সাকিব ভক্ত। বিশৃঙ্খলা এড়াতে বাধ্য হয়ে অভিযোগ গ্রহণ করেছে দুদক। তবে এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই সাকিবের। বিষয়টি দেশীয় একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নিজেই।

ভারতে চেন্নাইয়ের ঘোষণা দিলেও ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। জাতীয় দলের হয়ে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন তিনি। বাংলাদেশের বিমানের যখন অপেক্ষায় থাকা তারকা অলরাউন্ডারকে পরবর্তীতে সবুজ সংকেত দেয়নি বাংলাদেশ সরকার। সাকিব যাতে দেশে ফিরতে না পারেন এজন্য ছাত্রজনতার ব্যানারে মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করেন শ’খানেক মানুষ। যার ফলে দেশে ফেরা হয়ে উঠেনি তার।

গুঞ্জন আছে, সাকিবের দেশে ফিরতে না পারার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পরবর্তীতে আসিফের ফেসবুক পোষ্ট থেকেই সেটার ইঙ্গিত মিলেছে। গত বছরের সেপ্টেম্বরে আসিফ নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

বাংলাদেশে নতুন সরকার আসায় যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে নেই আসিফ। সাকিবকে দেশে ফিরে খেলতে না দেওয়ায় স্বাভাবিকভাবেই তার উপর সাবেক অধিনায়কের ভক্তদের বড় অংশের ক্ষোভ রয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরই সেই ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন তারা। যার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের কার্যালয়ে যান ২০ থেকে ৩০ জন মানুষ।

কার্যালয়ের সামনে জড়ো হয়ে সাকিবের নামে স্লোগান দিতে থাকেন। একটা পর্যায়ে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবলিত একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। পরিস্থিতি বেগতিক দেখে সংশ্লিষ্ট বিভাগ অভিযোগটি গ্রহণ করতে বাধ্য হয়। যদিও সেটা আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাংলাদেশে এমন ঘটনা দেখে অবাক হয়েছেন সাকিব নিজেই।

ক্রিকফ্রেঞ্জিকে সাকিব বলেন, ‘আমি মাত্র সেহেরি করতে উঠলাম। ঘটনাটা আমার চোখে পড়েছে। তবে আমি জানি না কারা এসব করছে। এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মানুষ যে যেভাবে পারতেছে আমার নাম ব্যবহার করতেছে (হাসি)।’

দুদকে অভিযোগের ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ। নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেন, ‘সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক কোন ধরণের দূর্নীতি? অথচ এসব ক্ষোভ প্রসূত অভিযোগের ভিত্তিতেই মিডিয়া ট্রায়াল হয়ে গেল গতকাল সারাদিন।’

২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে সাকিব। তবে সাম্প্রতিক সময়ে আবারও লাল সবুজের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের ক্রিকেটের স্বার্থে সাকিবকে ফেরাতে চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের বিরুদ্ধে অযাচিত সব মামলার নিষ্পত্তি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি এবং ফাইল পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইনি লড়াইয়ে জিতে আসতে পারলে সাকিবকে মাঠে স্বাগত জানাবেন। মামলার নিষ্পত্তি হলে পাকিস্তান সিরিজেই দেখা যেতে পারে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য