বুধবার ১১ মার্চ, ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ
 

ঈদে নৌপথে ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না: নৌপরিবহনমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১১:৪১
ফাইল ছবি

আসন্ন ঈদ উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আরামদায়ক ও নিরাপদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না। নৌযান মালিকরা ভাড়া না বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

সদরঘাটের যানজট নিরসন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যাতে কোনো যানজট না থাকে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ওই রাস্তায় সব ধরনের অবৈধ পার্কিং বন্ধ রাখা হবে। এছাড়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ঈদের আগে পাঁচ দিন এবং পরে পাঁচ দিন—মোট ১০ দিন বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রী একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, “চাঁদা এবং চাঁদাবাজি এক বিষয় নয়। মালিক ও শ্রমিকরা যদি তাদের কল্যাণের জন্য নিজেদের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া মেনে অর্থ সংগ্রহ করেন, তবে তাকে চাঁদাবাজি বলা কঠিন। কিন্তু জোরপূর্বক বা অবৈধভাবে কারো কাছ থেকে অর্থ আদায় করা হলে তা হবে চাঁদাবাজি। আমাদের মন্ত্রণালয়ে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না এবং যেকোনো মূল্যে তা প্রতিরোধ করা হবে।”

তিনি আরও যোগ করেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। পথে কোথাও অবৈধ অর্থ আদায়ের তথ্য পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যোগাযোগ খাতে শৃঙ্খলা বজায় রাখতে নৌপরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করছে বলেও জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD