কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ: এক কিলোমিটার এলাকাজুড়ে আগুনে ব্যাপক ক্ষতি, দগ্ধ ১৫
এবার কক্সবাজার শহরের কলাতলীর একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ঘরবাড়ি পুড়ে যায় এবং অন্তত ১৫ জন দগ্ধ হন। পাশাপাশি একটি গ্যারেজে থাকা প্রায় ৩০টি এসি গাড়িও আগুনে পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে পাম্পটিতে প্রথমে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, কলাতলীর হোটেল-মোটেল জোনের পূর্ব পাশে সম্প্রতি চালু হওয়া এন আলম এলপিজি গ্যাসপাম্পে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাম্পের ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে প্রথমে আগুনের সূত্রপাত হয়। সে সময় পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তা সাময়িকভাবে নিভিয়েও ফেলেন। কিন্তু পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।
সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ ১২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, আগুনে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ মোট ১৫ জন দগ্ধ হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর এবং গ্যারেজে থাকা ৩০টির বেশি গাড়ি পুড়ে গেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য