আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল, তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই: জামায়াত
সম্প্রতি অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ নিয়ে একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরো কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে।’
তিনি আরো বলেন, “তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষত, শাসক দলের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ তাদের প্রত্যাশাকে উসকে দিচ্ছে। আমি সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় অফিস খুলে জয়বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে আবারও অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।
তিনি বলেন, ‘আমরা সরকারের নিকট দেশবাসীর সামনে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করার জন্য জোর দাবি জানাচ্ছি। দেশের শান্তি, আইন-শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছু নয়। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব। পাশাপাশি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে দেশের সর্বস্তরের জনগণকে সতর্ক, সজাগ ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য