প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

মন্ত্রী থাকাকালীন সরকারি বেতন-ভাতা ও গাড়ি-তেল নেবো না: কৃষিমন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫১:২৫

এবার মন্ত্রী হওয়ার পর থেকে নিজের গাড়ি ও নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছেন বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেন, সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নিই না। যতোদিন মন্ত্রী থাকবো, ততোদিন সরকারি গাড়ি ব্যবহার করবো না। এ ছাড়া আমি সরকারি বেতন-ভাতাও নেবো না।  শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমিন উর রশীদ ইয়াছিন বলেন, আমি একজন কৃষক, আমি ভালো করেই জানি কীভাবে ধান ফলাতে হয়। সমৃদ্ধ খাদ্য ভান্ডার গড়ে তুলতে আমরা কাজ করব। আগামীর বাংলাদেশ হবে বাক স্বাধীনতা এবং সমৃদ্ধির।  মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে। জনগণের অনেক আশা ও আকাঙ্ক্ষা এ সরকারের কাছে। সরকার এসব লক্ষ্যে নিয়ে কাজ করবে।

তিনি বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। কৃষিতে আখতার হামিদ খান উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনো দেশ-বিদেশে সমাদৃত। আমরা সারাদেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। তিনি আরও বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমিই স্থাপন করেছি। আপনারা উৎসাহ দিয়েছেন। এখন কুমিল্লায় এক প্রকার শিল্প বিপ্লব হয়েছে, অনেক কারখানা হয়েছে। এর অগ্রগতি অব্যাহত থাকবে। 

মন্ত্রী বলেন, কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা নগরী হিসেবে কুমিল্লাকে গড়ে তুলতে চাই। মন্ত্রী হিসেবে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে চাই। কুমিল্লার সমস্যাগুলো নিয়ে কাজ করব। এ অঞ্চলের গণমানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ। তা বাস্তবায়ন করতে আমার জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করব। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কীভাবে আমার স্ব স্ব বিভাগে কাজ সঠিকভাবে করতে পারি সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমি ভালো কিছু করতে পারব বলে বিশ্বাস করি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য