বিশ্বশক্তি চাপ দিচ্ছে, কিন্তু ইরান মাথা নত করবেই না: পেজেশকিয়ান

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯:২৬

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলার সময় বিশ্বশক্তি চাপ দিচ্ছে, কিন্তু ইরান মাথা নত করবে না। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এই হুঙ্কার দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। টেলিভিশন ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে… কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না।’

মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির মাঝেই পাল্টা এই হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব কয়েক দিনের মধ্যেই প্রস্তুত হবে। চলতি সপ্তাহের শুরুতে জেনেভায় দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত আলোচনার পর এই খবর সামনে আসে।

এদিকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জিব্রাল্টার প্রণালি অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ট্রাম্পের নির্দেশেই জাহাজটিকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। এর আগে, গত জানুয়ারিতে ওয়াশিংটন ইউএসএস আব্রাহাম লিংকন ও এর বহরে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছিল। সূত্র: রয়টার্স

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য